শোবার ঘর যত সুন্দর করেই সাজানো হোক, বিছানা অগোছালো থাকলে পুরো ঘরের সৌন্দর্যই ম্লান হয়ে যায়। বিশেষ করে শীতকালে লেপ বা কম্বল ব্যবহারের পর বিছানায় রেখে দিলে অনেক সময় তা দেখতে পরিপাটি লাগে না। কেউ কেউ তাই লেপ-কম্বল রাখার জন্য আলাদা আসবাব ব্যবহার করেন। আবার বিছানায় রাখলেও বাড়তি চাদর দিয়ে ঢেকে রাখেন।
এ ক্ষেত্রে সহজ সমাধান হতে পারে আধুনিক কম্ফোর্টার। নরম ও তুলতুলে এই শীতবস্ত্র ব্যবহারের পর সুন্দরভাবে ভাঁজ করে বিছানার মাঝখানে বা এক পাশে রাখা যায়। এতে ঘর যেমন পরিপাটি দেখায়, তেমনি অন্দরসজ্জাতেও আসে নতুনত্ব। শীতের মৌসুমে লেপ-কম্বলের পাশাপাশি তাই কম্ফোর্টারের ব্যবহারও জনপ্রিয়তা পাচ্ছে।
কম্ফোর্টার শুধু শীত থেকে সুরক্ষা দেয় না, ঘরের সাজেও যোগ করে নান্দনিকতা। শীতকাল ছাড়াও গরম আবহাওয়ায় হালকা কুইল্ট হিসেবে এটি ব্যবহার করছেন অনেকে।
কম্ফোর্টার এখন শুধু শীতের অনুষঙ্গ নয়, ঘর সাজানোর আধুনিক উপকরণ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। অনেকেই পর্দা ও বিছানার কুশনের সঙ্গে মিলিয়ে কম্ফোর্টার বেছে নিচ্ছেন। পর্দার কাপড়, কুশনের কভার ও কম্ফোর্টারের নকশায় মিল রাখলে ঘরের সাজে সামঞ্জস্য তৈরি হয়।
ঘর সাজানোর নতুন অনুষঙ্গ
কম্ফোর্টার দিয়ে বিছানা সাজানোর নানা ধারণা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও পাওয়া যাচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও রিলে ঘর সাজানোর ভিডিওতে কম্ফোর্টার ভাঁজ করে রাখা, বিছানার রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা কিংবা কুশন ও পর্দার সঙ্গে সামঞ্জস্য রাখার নানা কৌশল দেখানো হচ্ছে।
এসব ভিডিও থেকে ধারণা নিয়ে নিজের ঘরের রং, আসবাব ও সাজসজ্জার ধরন অনুযায়ী কম্ফোর্টার বেছে নিতে পারেন। রং ও নকশার সামঞ্জস্য থাকলে সাধারণ বিছানাও হয়ে উঠতে পারে ঘরের আকর্ষণীয় অংশ।
কোথায় পাবেন
বর্তমানে দেশের বিভিন্ন স্থানীয় বাজার, বড় শপিং মল এবং এলাকার সুপারশপগুলোতে বিভিন্ন ধরনের কম্ফোর্টার পাওয়া যাচ্ছে। নকশা, রং, কাপড়ের মান ও দামের ভিন্নতা থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারছেন। বিশেষ করে সুপারশপগুলোতে বিভিন্ন মান ও নকশার কম্ফোর্টারের পাশাপাশি মৌসুমি মূল্যছাড়ও থাকছে।
বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্নের বিভিন্ন আউটলেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মান ও নকশার আধুনিক কম্ফোর্টার। পাশাপাশি নির্বাচিত কম্ফোর্টারে থাকছে বিশেষ মূল্যছাড়। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন, পছন্দ ও বাজেট অনুযায়ী সাশ্রয়ী মূল্যে কম্ফোর্টার কেনার সুযোগ পাচ্ছেন। সরাসরি আউটলেটে গিয়ে পছন্দের পণ্য বেছে নেওয়ার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুযোগ রয়েছে।

















