বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সংকট বেড়ে যাওয়ায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো যথেষ্ট চিপ সরবরাহ পেতে বিড়ম্বনায় পড়েছে। গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো জায়ান্ট কোম্পানিগুলো এখন দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতাদের দ্বারস্থ হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে। দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এসে এ চিপ সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এখন দক্ষিণ কোরিয়ার ‘পাংইয়ো’ ও ‘পিয়ংট্যাক’ শহরের হোটেলগুলোয় দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন। উল্লেখ্য, শহর দুটি হচ্ছে বিশ্বের দুই বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিএক্সের প্রধান কেন্দ্র।
প্রতিবেদন বলছে, পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে খোদ শিল্পসংশ্লিষ্টরাই এখন এসব বড় কোম্পানির কর্মকর্তাদের ‘ডির্যাম বেগার্স’ বলে ডাকতে শুরু করেছেন।
বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের তীব্র সংকটের মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (এআই) হার্ডওয়্যারের আকাশচুম্বী চাহিদা। প্রযুক্তিবিদদের মতে, ডির্যাম ও হাই ব্যান্ডউইথ মেমোরির (এইচবিএম) মতো চিপগুলো এখন আর কেবল সাধারণ যন্ত্রাংশ নেই, বরং বড় ‘কৌশলগত সম্পদে’ পরিণত হয়েছে।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) প্রশিক্ষণ দেয়া এবং নতুন নতুন এআই পণ্য বাজারে আনার জন্য যে বিশাল ডাটা সেন্টার প্রয়োজন, তার গতি ও সক্ষমতা সরাসরি নির্ভর করে এসব মেমোরি চিপের ওপর। সহজ কথায়, মেমোরি চিপ ছাড়া এআইয়ের পুরো ইঞ্জিনই অচল। এ দৌড়ে পিছিয়ে পড়ার ভয়ে টেক জায়ান্টরা যেকোনো মূল্যে নিশ্চিত করতে প্রস্তুত চিপের মজুদ।
বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত চিপ নিশ্চিত করতে না পারলে ২০২৬ সালের তীব্র প্রতিযোগিতামূলক এআই বাজারে কোম্পানিগুলোর টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে।






















