স্যামসাং জানিয়েছে, তাদের চশমাবিহীন থ্রিডি মনিটরের জন্য কনটেন্ট সরবরাহকারী প্ল্যাটফর্ম ‘ওডিসি থ্রিডি হাব’-এ চলতি বছর শেষ নাগাদ ১২০টি গেম খেলা যাবে। সোমবার (৯ মার্চ) স্যান ফ্রান্সিসকোতে গেম ডেভেলপমেন্ট কনফারেন্সে (জিডিসি) এই তথ্য জানানো হয়। খবর এনগ্যাজেট।
বর্তমানে প্ল্যাটফর্মটিতে প্রায় ৬০টি গেম খেলা যায়। নতুন ঘোষিত গেমগুলোর মধ্যে রয়েছে ক্রোনস: দ্য নিউ ডন ও হেল ইজ আস। দুটোই থার্ড-পারসন অ্যাকশন গেম যা গত বছর বাজারে এসেছিল।
স্যামসাংয়ের ওডিসি থ্রিডি হাব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই স্টেলার ব্লেড, লাইস অব পি ও সাইকোনটস ২-এর মতো জনপ্রিয় গেম রয়েছে। নতুন গেম যুক্ত হওয়ায় ৩ডি ডিসপ্লে প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি।
গত বছর স্যামসাংয়ের এই প্রযুক্তি হাতে কলমে দেখে মুগ্ধ হয়েছিলেন এনগ্যাজেটের সাংবাদিকরা। তাদের মতে, শুরু থেকে যদি ৩ডি প্রযুক্তি এত ভালো হতো, মানুষ আরও সহজে গ্রহণ করত। এই মনিটরগুলোতে হেড ট্র্যাকিং প্রযুক্তি থাকায় ব্যবহারকারীদের নির্দিষ্ট জায়গায় বসে খেলার ঝক্কি নেই।
স্যামসাং চশমাবিহীন থ্রিডি ডিসপ্লের বেশ কয়েকটি মডেল বাজারে এনেছে, যার মধ্যে ৩২ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজের মনিটর রয়েছে। জিডিসিতে স্যামসাং গেম ডেভেলপার সিড প্রকজেক্ট রেড-এর সঙ্গেও নতুন অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এই অংশীদারত্বের আওতায় সাইবারপাঙ্ক ২০৭৭-এ স্যামসাংয়ের এইচডিআর১০+ গেমিং স্ট্যান্ডার্ড যুক্ত করা হবে।





















