দেশের তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স-এর বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে ল্যাপটপ বিক্রি, বিক্রয়োত্তর সেবায় সন্তোষজনক সহায়তা না দেওয়া এবং ওয়ারেন্টির মেয়াদ নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী।
আরিক নামে ওই গ্রাহক দাবি করেন, ২০২৫ সালের ১৪ নভেম্বর ঢাকার আইডিবি ভবন শাখা থেকে তিনি Lenovo IdeaPad Slim 3 15IRH10 মডেলের একটি ল্যাপটপ ৮৭ হাজার ৫০০ টাকায় কিনেছিলেন। পরে ব্যবহার শুরু করলে পণ্যের স্পেসিফিকেশন ও বাস্তব সক্ষমতার মধ্যে পার্থক্য দেখতে পান বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, থ্রিডি রেন্ডারিং সফটওয়্যারে কাজের প্রয়োজনের কথা জানালে বিক্রয়কর্মী তাঁকে ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিক্স সুবিধা রয়েছে বলে আশ্বস্ত করেন। তবে বাসায় নিয়ে ব্যবহারের সময় তিনি দেখতে পান, ডিভাইসটিতে আলাদা গ্রাফিক্স কার্ড নেই; বরং প্রসেসরের বিল্ট-ইন ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ব্যবহৃত হয়েছে।
এর ফলে D5 Render-এর মতো গ্রাফিক্সনির্ভর সফটওয়্যার প্রত্যাশিতভাবে চালানো সম্ভব হয়নি বলে তাঁর অভিযোগ।
গ্রাহকের ভাষ্য, সমস্যার কথা জানিয়ে রাইয়ান্সের সঙ্গে যোগাযোগ করলে কার্যকর সমাধান না দিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। একপর্যায়ে নতুন ল্যাপটপ কেনার পরামর্শও দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।
আরিক জানান, প্রায় আট মাস ব্যবহারের মধ্যে ল্যাপটপে টাচপ্যাডের অনিয়মিত আচরণ, সিস্টেম হ্যাং হওয়ার মতো সমস্যা দেখা দেয়।
এছাড়া তৃতীয় পক্ষের একটি ডায়াগনস্টিক সফটওয়্যারে এসএসডির স্বাস্থ্য (SSD Health) প্রায় ৮ শতাংশ কমে যাওয়ার তথ্য দেখতে পান বলেও উল্লেখ করেন তিনি।

গ্রাহকের অভিযোগ অনুযায়ী, ক্রয়ের সময় দেওয়া ইনভয়েসে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি উল্লেখ ছিল। তবে পরে Lenovo Vantage অ্যাপে ওয়ারেন্টির মেয়াদ প্রত্যাশার তুলনায় অনেক কম দেখা যায়, যা নিয়ে তাঁর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
তিনি দাবি করেন, বিষয়টি বিক্রেতা প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথভাবে সমন্বয় বা হালনাগাদ করা হয়নি।



















