অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডপান্ডা’ (Foodpanda)-র বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ও অপ্রত্যাশিত ফি কেটে নেওয়া এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের লোকসানের মুখে ঠেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
নুসরাত জাহান নিশা নামের এক নারী উদ্যোক্তা ও ফুডপান্ডা ভেন্ডর প্ল্যাটফর্মটির বিরুদ্ধে ‘সিপিসি প্রিমিয়াম প্লেসমেন্ট’ (CPC Premium Placement) ও ‘সাবস্ক্রিপশন ফি’ (Subscription Fee) নামে হিডেন চার্জ কেটে নেওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন।
ক্ষুদ্র ব্যবসায়ী ও ভেন্ডরদের দেওয়া তথ্য অনুযায়ী, ফুডপান্ডায় রেস্তোরাঁ বা হোম-মেড ফুড বিজনেস তালিকাভুক্ত করার পর প্রতিটি বিক্রির ওপর নির্দিষ্ট হারে কমিশন, প্ল্যাটফর্ম চার্জ ও ভ্যাট কেটে নেওয়া হয়। তবে সম্প্রতি কোনো পূর্বঘোঘণা বা স্পষ্ট সম্মতি ছাড়াই ভেন্ডরদের অ্যাকাউন্টে নতুন নতুন ফি যুক্ত করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নুসরাত জানান, তিনি গত ৩ মাস ধরে একজন ক্ষুদ্র ভেন্ডর হিসেবে ফুডপান্ডায় কাজ করছেন। স্বাভাবিক কমিশন ও ট্যাক্স কাটার পাশাপাশি গত মাসে তাঁর অ্যাকাউন্ট থেকে ‘সিপিসি প্রিমিয়াম প্লেসমেন্ট’ নামক চার্জ কেটে নেওয়া হয়। এর ফলে ওই পুরো সপ্তাহের কোনো পে-আউট বা বকেয়া বিল তিনি পাননি।
সেই ধাক্কা সামলে ওঠার আগেই পরবর্তী সপ্তাহে পুনরায় ‘সাবস্ক্রিপশন ফি’ নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয় বলে জানান তিনি।
ব্যবসায়িক লোকসান ও সহায়তার অভাব
হোম-মেড ফুড কিংবা ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে কাঁচামাল, প্যাকেজিং এবং নিজের পরিশ্রমের একটি বড় খরচ রয়েছে। ভেন্ডরদের অভিযোগ:
অল্প অর্ডারেও বড় কাটা: সপ্তাহে হাতেগোনা যে কয়টি অর্ডার আসে, সেখান থেকে নিয়মিত কমিশন, ভ্যাট ও নিজস্ব চার্জ কাটার পর অর্জিত লভ্যাংশ এমনিতেই সীমিত থাকে।
ফান্ড জিরো হওয়া: নতুন এসব প্রিমিয়াম প্লেসমেন্ট ও সাবস্ক্রিপশন ফি কাটার পর মূল টাকা থেকে টাকা কাটা যায়, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের সরাসরি ব্যবসায়িক লোকসানের মুখে ফেলে দিচ্ছে।
অস্পষ্ট ব্যাখ্যা ও সহায়তার অভাব: সমস্যার বিষয়টি ফুডপান্ডার ফিল্ড ম্যানেজার বা অ্যাকাউন্ট ম্যানেজারদের জানালে তারা বিভিন্ন কারিগরি কাজের অজুহাত ও প্রমোশনাল ফিচার দেখান, কিন্তু কেটে নেওয়া অর্থ সমন্বয় বা কার্যকর সমাধান দেন না।
প্রযুক্তি ও ই-কমার্স বিশ্লেষকদের মতে, দেশের এফ-কমার্স ও ফুড-টেক খাতের বড় অংশই টিকে রয়েছে তরুণ ও নারী উদ্যোক্তাদের ওপর। ডেলিভারি প্ল্যাটফর্মগুলো যদি প্রচার-প্রচারণা বা বিজনেসের প্রমোশনের নামে স্বয়ংক্রিয়ভাবে (Auto-opt-in) প্রিমিয়াম ফিচার চালু করে ফি কাটতে থাকে, তবে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে বাধ্য হবেন।
ভুক্তভোগী ভেন্ডররা অভিযোগ করছেন, এভাবে মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম ও বিনিয়োগের পর যদি দিনশেষে পকেটের টাকা দিয়ে লোকসান গুনতে হয়, তবে এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাধীন ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ভেন্ডররা ফুডপান্ডা কর্তৃপক্ষের কাছে এসব হিডেন ফি অনতিবিলম্বে বাতিল করা এবং স্বচ্ছ পেমেন্ট নীতি অনুসরণের দাবি জানিয়েছেন।


















