পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৪৬ পয়সায়। এ সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে।
২০২৩-২৪ হিসাব বছরে আমরা নেটওয়ার্কস বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১ পয়সায়।
আমরা নেটওয়ার্কসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯২ কোটি ৯৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১৩৬ কোটি ৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৯৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৫ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে।




















