ক্লাস, অফিস মিটিং, মেসেজ কিংবা প্রতিদিনের নানা রিমাইন্ডারের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও পরে তা খুঁজে বের করার কাজ সহজ করতে স্মার্টফোনে ‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তি এনেছে ইনফিনিক্স।
ইনফিনিক্স হট ৭০ প্রো ফাইভজি স্মার্টফোনে থাকা এই সুবিধায় একবার বাটনে চাপ দিয়েই প্রয়োজনীয় তথ্য নোট করে রাখা যায়। হট ৭০ সিরিজের অন্যান্য মডেল এবং নোট ৬০ সিরিজের স্মার্টফোনেও ফিচারটি রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওয়ান-ট্যাপ এআই মূলত ওয়ান-ট্যাপ বাটন, ফ্ল্যাশমেমো এবং এআই মাইন্ডহাব—এই তিন সুবিধার সমন্বয়ে কাজ করে। ফোনের ওয়ান-ট্যাপ বাটনে চাপ দিলে সরাসরি ফ্ল্যাশমেমো বা এআই মাইন্ডহাব চালু করা যায়। ফলে আলাদা অ্যাপ খুলে তথ্য সংরক্ষণের প্রয়োজন হয় না।
ফ্ল্যাশমেমোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্ক্রিনে থাকা বিভিন্ন তথ্য শনাক্ত করার সুবিধা রয়েছে। কোনো লেখা বা স্ক্রিনে তারিখ, সময়, ঠিকানা, ই-মেইল কিংবা ফোন নম্বর থাকলে সেগুলো শনাক্ত করে সংশ্লিষ্ট কাজের সুযোগ তৈরি করতে পারে এআই ব্যবস্থা।
যেমন, কোনো তারিখ শনাক্ত হলে সেটি থেকে ক্যালেন্ডারে শিডিউল তৈরি করা যায়। ঠিকানা থেকে ম্যাপ চালু করা কিংবা ফোন নম্বর ও ই-মেইল ঠিকানায় সরাসরি যোগাযোগের সুবিধাও রয়েছে।
অন্যদিকে, সংরক্ষণ করা তথ্য পরে সহজে খুঁজে পেতে কাজ করে এআই মাইন্ডহাব। ফ্ল্যাশমেমোতে জমা থাকা স্ক্রিনশট, নোট ও অন্যান্য তথ্য এক জায়গায় সাজিয়ে রাখার মাধ্যমে প্রয়োজনের সময় সেগুলো খুঁজে পাওয়ার সুবিধা দেওয়া হয়েছে।
ইনফিনিক্সের দাবি, ওয়ান-ট্যাপ এআইয়ের এসব সুবিধা শিক্ষার্থী ও কর্মজীবীদের দৈনন্দিন কাজের সময় বাঁচাতে সহায়তা করতে পারে। বিশেষ করে ক্লাসের গুরুত্বপূর্ণ তথ্য, অফিস মিটিংয়ের সিদ্ধান্ত, রিমাইন্ডার কিংবা দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন এমন তথ্য ব্যবস্থাপনায় ফিচারটি কাজে লাগানো যেতে পারে।


















