বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে আসছে। নতুন মডেলের ফোনে বড় কোনো প্রযুক্তিগত পরিবর্তন না আসা, যন্ত্রাংশের সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধি মিলে ফোন কেনার আগ্রহ কমছে ক্রেতাদের। ফলে অনেকেই প্রয়োজন ছাড়া ডিভাইস পরিবর্তন করছেন না। এতে চলতি বছর বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহ প্রায় ১২ শতাংশ কমছে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণাপ্রতিষ্ঠান ওমডিয়া। বাজারের ইতিহাসে এত বড় বার্ষিক পতন আর দেখা যায়নি।
পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল শেষে বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহ ১১ দশমিক ৯ শতাংশ কমতে পারে। আগামী বছরও এ ধারা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, যা আরো ৬ শতাংশ কমতে পারে। এতে স্মার্টফোনের বার্ষিক সরবরাহ ২০১৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।
বাজার বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের বাজার এখন অনেকটাই পরিপক্ব। নতুন মডেলগুলোয় আগের মতো বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আসছে না। সামান্য উন্নত বৈশিষ্ট্যের জন্য ক্রেতারা নতুন ফোন কিনতে আগ্রহী নন। ফলে একই ফোন দীর্ঘদিন ব্যবহার করছেন তারা।
এর সঙ্গে যুক্ত হয়েছে যন্ত্রাংশের সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারে উন্নত প্রসেসর চিপের চাহিদা বেড়েছে। এআই ডেটা সেন্টার ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে এসব চিপ সংগ্রহে প্রতিযোগিতা করতে হচ্ছে স্মার্টফোন নির্মাতাদের। এতে চিপের দাম ও উৎপাদন ব্যয় বাড়ছে। ফলে ফোনের দাম বাড়ানোর চাপেও পড়ছে প্রতিষ্ঠানগুলো।
এছাড়া মূল্যস্ফীতির কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে আসছে। ভূরাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক অনিশ্চয়তাও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং উৎপাদন ব্যয়ের ওপর চাপ তৈরি করছে। এসব কারণে নতুন স্মার্টফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন অনেক ক্রেতা।
গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, বৈশ্বিক স্মার্টফোন বাজারে সরবরাহ মন্দার প্রভাব সবচেয়ে বেশি পড়বে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনর, অপো ও ভিভোর ওপর। ব্র্যান্ডগুলো মূলত কম ও মাঝারি দামের স্মার্টফোন বাজারের ওপর বেশি নির্ভরশীল।



















