গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের শ্রীনগর শাখার পলাতক ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর-১-এর পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল যৌথ অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ক্যাশ অফিসার (ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালনকালে সোহাগের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। গত ২৪ সেপ্টেম্বর জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এলে ক্ষুব্ধ গ্রাহকেরা ব্যাংক ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে সময় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এমনকি ছুটির দিন শুক্রবার দুপুরেও আমানতের টাকা ফেরতের দাবিতে ব্যাংকের সামনে জড়ো হন ভুক্তভোগী গ্রাহকেরা।
ঘটনার পরপরই শরিফুজ্জামান সোহাগ আত্মগোপনে চলে যান। পরে ২৫ সেপ্টেম্বর ভোরের দিকে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার প্রিন্সিপাল অফিসার শরীফ উদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে জালিয়াতির প্রকৃত পরিমাণ নির্ধারণে ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে লিখিত অভিযোগ চায় ব্যাংক কর্তৃপক্ষ। এ জন্য গত ২৫ সেপ্টেম্বর শাখার নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তিও টাঙানো হয়।




















