স্মার্টফোন কেনার সময় অতিরিক্ত অর্থ দিয়ে ‘রিপ্লেসমেন্ট সার্ভিস’ নেওয়ার পরও সেই সুবিধা না পাওয়ার অভিযোগ উঠেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের বিরুদ্ধে। ফোনের ডিসপ্লেতে সমস্যা দেখা দেওয়ার পর রিপ্লেসমেন্ট চাইতে গেলে ফিজিক্যাল ড্যামেজের কারণ দেখিয়ে আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহক সিয়াম খান।
সিয়াম খানের দেওয়া ক্রয় রসিদ অনুযায়ী, ২০২৬ সালের ২৯ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটির ড্যাজল শোরুম থেকে তিনি ৫১২ জিবি স্টোরেজের একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স (সিলভার) কেনেন। ফোনটির দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ‘ড্যাজল কেয়ার+ ফর অ্যাপল প্রোডাক্টস (নিউ রিপ্লেসমেন্ট ফর ৩৬৫ ডেজ)’ নামে একটি সার্ভিস নেন তিনি। এ জন্য তাঁকে অতিরিক্ত ৮ হাজার ৯০৭ টাকা ১৫ পয়সা দিতে হয়। একটি অ্যাপল ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টারসহ সব মিলিয়ে কেনাকাটার মোট পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৯০ হাজার ৩৯৭ টাকা।
সিয়ামের অভিযোগ, ফোনটির ডিসপ্লেতে সমস্যা দেখা দেওয়ার পর তিনি ড্যাজলের সঙ্গে যোগাযোগ করে রিপ্লেসমেন্ট চান। কিন্তু প্রতিষ্ঠানটি জানায়, ফোনে ফিজিক্যাল ড্যামেজ থাকায় রিপ্লেসমেন্ট দেওয়া সম্ভব নয়। গ্রাহকের দাবি, ডিসপ্লের সমস্যার পর রিপ্লেসমেন্টের জন্য যোগাযোগ করতে গিয়ে ফোনে হালকা ফিজিক্যাল ড্যামেজের বিষয়টি সামনে আসে। তবে কেনার সময় তাঁকে এমন কোনো লিখিত শর্ত দেওয়া হয়নি, যেখানে ফিজিক্যাল ড্যামেজ থাকলে রিপ্লেসমেন্ট সুবিধা বাতিল হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল।

তিনি আরও বলেন, ইনভয়েসে ‘নিউ রিপ্লেসমেন্ট ফর ৩৬৫ ডেজ’ উল্লেখ থাকায় সার্ভিসটি পাওয়ার প্রত্যাশায় তিনি আলাদা অর্থ পরিশোধ করেছেন। কিন্তু এখন সুবিধা নিতে গেলে ড্যাজলের পক্ষ থেকে ওয়েবসাইটে প্রকাশিত শর্তাবলির কথা বলা হচ্ছে।
এ নিয়ে প্রশ্ন তুলে সিয়াম বলেন, একটি পণ্য ও অতিরিক্ত সেবা বিক্রির সময় সেই সেবার গুরুত্বপূর্ণ শর্তগুলো গ্রাহককে জানানো বিক্রেতার দায়িত্ব। কেনার সময় শর্তের কপি না দিয়ে পরে ওয়েবসাইটের নীতিমালা দেখিয়ে সেবা প্রত্যাখ্যান করা কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
গ্রাহকের প্রশ্ন, ফোন কেনার সময় কার্যকর থাকা ড্যাজল কেয়ার+–এর শর্তাবলির কপি কোথায়? বর্তমানে ওয়েবসাইটে থাকা শর্ত দেখিয়ে আগের কেনাকাটার ক্ষেত্রে সেবা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক? তাঁর মতে, কোনো সার্ভিসের গুরুত্বপূর্ণ শর্ত শুধু ওয়েবসাইটে প্রকাশ করাই যথেষ্ট নয়; বিক্রির সময় সেগুলো গ্রাহককে স্পষ্টভাবে জানানো এবং সম্মতি নেওয়াও জরুরি।
সিয়াম জানিয়েছেন, তিনি কোনো অতিরিক্ত বা অযৌক্তিক সুবিধা চাইছেন না। কেনার সময় যে সার্ভিসের জন্য অর্থ দিয়েছেন, তার শর্ত অনুযায়ী অভিযোগটি ন্যায্যভাবে বিবেচনার দাবি জানাচ্ছেন।




















