জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর চিপ ও সৌরবিদ্যুৎ প্রযুক্তিসহ ৪০টি প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ আরোপ বা নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ার মধ্যে এ উদ্যোগ নিয়েছে দেশটি। খবর এপির।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গত শুক্রবার এ বিষয়ে একটি যৌথ খসড়া প্রস্তাব প্রকাশ করেছে। এতে রপ্তানিতে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের আওতায় থাকা প্রযুক্তির তালিকা হালনাগাদের কথা বলা হয়েছে। প্রস্তাবে এআই তৈরির প্রযুক্তি, সফটওয়্যার, মডেল ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি অন্য দেশে সরবরাহের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজনীয়।
এআই প্রযুক্তিতে বাড়তি নিয়ন্ত্রণ
প্রস্তাবিত তালিকায় এআই-সংশ্লিষ্ট ২৩টি প্রযুক্তি রয়েছে। এর মধ্যে উন্নত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এবং এআই এজেন্টও অন্তর্ভুক্ত।
এআই এজেন্ট হলো এমন সফটওয়্যার, যা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারে এবং কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। প্রস্তাব অনুযায়ী, সংবেদনশীল জাতীয় তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া উন্নত এআই মডেলের মূল প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করা হতে পারে।
এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর মতো সংবেদনশীল ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি এআই এজেন্ট রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং এআইয়ের ব্যবহার মানুষের নিয়ন্ত্রণে রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের মধ্যে চীনের পদক্ষেপ
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরোপিত বিভিন্ন রপ্তানি বিধিনিষেধের কারণে উন্নত প্রযুক্তি সংগ্রহে বাধার মুখে পড়েছে চীন। বিশ্বের সবচেয়ে আধুনিক এআই চিপ এবং এসব চিপ তৈরির উন্নত যন্ত্রপাতি সংগ্রহের ক্ষেত্রেও দেশটির ওপর বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে।
এ পরিস্থিতিতে নিজস্ব প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণের উদ্যোগ চীনের প্রযুক্তিনীতি ও বৈশ্বিক প্রতিযোগিতার নতুন দিক তুলে ধরছে। তবে খসড়া প্রস্তাবটি চূড়ান্ত হলে কোন কোন প্রযুক্তির রপ্তানিতে কী ধরনের বিধিনিষেধ কার্যকর হবে, তা চূড়ান্ত তালিকা ও সংশ্লিষ্ট নিয়মের ওপর নির্ভর করবে।


















